‘ফ্যামিলি কার্ড’ নিয়ে দুপুরে প্রধানমন্ত্রীর সভা
দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এ কর্মসূচি নিয়ে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান।
জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। সহায়তার অর্থ সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে এরই মধ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে, যেখানে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে। প্রথম ধাপে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে সারা দেশে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন: