রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা ৩ মনোনয়নপত্র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ২৩:০৮ পিএম

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের দু’টি মনোনয়নপত্র রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

আখতার আহমেদ বলেন, নির্ধারিত সময় পর্যন্ত আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে অলি আহমদের দু’টি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মনোনয়নপত্র পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ২ জন।

তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট নির্বাচন কর্তার কার্যালয় নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। সহযোগিতা করার জন্য সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এর আগে, আজ (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১২টায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থীর একটি মনোনয়নপত্র জমা দেয়া হয়। বিকেলে আরেকটি মনোনয়নপত্র জমা দেয়া হয়।

অলি আহমদের দু’টি মনোনয়নপত্র জমার দেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কেনো তারা দু’টি মনোনয়নপত্র জমা দিলেন, সেটা তারাই বলতে পারবেন। তবে আইন অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রথমটা বৈধ হয়ে গেলে দ্বিতীয়টা বাছাইয়ের আর দরকার পড়বে না। 

আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবে। আর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর