ব্যাংক লুটেরারাই এখন বিএনপিতে রাজত্ব করছে: কর্নেল অলি

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

বীর মুক্তিযোদ্ধা, এলডিপির চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ড. কর্নেল অলি আহমদ বলেছেন, “ব্যাংক লুটেরারাই এখন বিএনপিতে রাজত্ব করছে। আমি নিজেও একসময় বিএনপিতে ছিলাম, কিন্তু তাদের এসব কর্মকাণ্ডের কারণে দল ছেড়ে চলে এসেছি।”

রোববার চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলামের সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসমাইল।

ড. কর্নেল অলি আহমদ বলেন, “আগামী নির্বাচনে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও লুটেরাদের বয়কট করে ১১ দলীয় জোটের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচিত করতে হবে।”

সভায় প্রধান আলোচকের বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন,“আমি মোরাকাবায় বসে অনুভব করেছি—আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাঁশখালীর মাওলানা জহিরুল ইসলাম সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদে যাবেন।”

তিনি আরও বলেন, “তার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দিচ্ছেন।”

শাহজাহান চৌধুরী বলেন, “রতনে রতন চিনে বলেই শহীদ জিয়ার ঘনিষ্ঠ সহচর কর্নেল অলি আহমদ ও এনসিপির নেতারা আজ জামায়াতে ইসলামীর সঙ্গে রয়েছেন।” একটি ইসলামী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, “আমরা নাকি মদিনার ইসলাম নই—সমস্যা নেই, আমরা মক্কার ইসলাম। কারণ মক্কায় না গেলে হজ কবুল হয় না।”

তিনি আরও বলেন, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের সুযোগ্য সন্তান মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহারসহ অনেক আলেম জামায়াতের সঙ্গে রয়েছেন। “আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে—আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে,” বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জাফর সাদেক, বাঁশখালী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল ও সেক্রেটারি আরিফুল্লাহ।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলা জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর