জামায়াতের জনসভায় যাওয়ার পথে সাবেক এমপির ওপর হামলা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার হিরু দুপুরের খাবার শেষে নিজ বাসা থেকে পাথরঘাটা কে এম সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জনসভায় যোগ দিতে বের হন। এ সময় তার বাসার সামনেই কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

আহত গোলাম সরোয়ার হিরু জানান, প্রতিবেশী রানা নামের এক যুবকসহ তিনজন লোহার পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় এবং পায়ের তিনটি আঙুল ভেঙে যায়। হামলার সময় জামায়াতে ইসলামীর মিছিল থেকে কিছু নেতাকর্মী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে জামায়াতের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বাসায় নিয়ে যান এবং সেখানে চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে যৌথ বাহিনীর সহায়তায় তাকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে আহত গোলাম সরোয়ার হিরু পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে সক্রিয় ছিলেন। ২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর