সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে গ্রেফতারের দাবি মঞ্চ ২৪’র
আধিপত্যবাদবিরোধী অরাজনৈতিক প্রেসার গ্রুপ মঞ্চ ২৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে গ্রেফতারের দাবি জানিয়েছে। সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে তিনি রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করেছেন এবং এজন্য তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, গতকালের রিজওয়ানার বক্তব্যের পর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার দায়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কাজ করা বা নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। একইসাথে তিনি অভিযোগ করেন যে, দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস, সহিংসতা এবং সামাজিক নিরাপত্তাহীনতা বেড়ে গেছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
ফাহিম ফারুকী আরও বলেন, ধর্ষণ, চাঁদাবাজি ও সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
এছাড়া তিনি অভিযোগ করেন, তাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এজন্য সরকারের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ এর পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, আওয়ামী লীগ পুনর্বাসনের সকল প্রচেষ্টা বন্ধ করা, জুলাই বিপ্লবের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় আনা।
সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ নেতারা বলেন, জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন: