সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোন দল কোথায় এগিয়ে?
৪৮ দলের স্বপ্নযাত্রা শুরু হয়েছিল এক মাস আগে। অসংখ্য নাটক, অঘটন, চোখধাঁধানো গোল আর আবেগের ঢেউ পেরিয়ে এখন সেই মহাযজ্ঞ এসে দাঁড়িয়েছে শেষ বাঁকের ঠিক আগে। বিশ্বকাপ ২০২৬-এ আর মাত্র চারটি দল টিকে আছে। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। এই চার পরাশক্তিই এখন লড়বে ১৯ জুলাই বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার অধিকারের জন্য। তবে তার আগে পেরোতে হবে সবচেয়ে কঠিন পরীক্ষার একটি, সেমিফাইনাল।
কোয়ার্টার ফাইনালে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে দলগুলো। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। বেলজিয়ামকে ২-১ গোলে বিদায় করেছে স্পেন। নরওয়েকে একই ব্যবধানে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। আর অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা।
এবার অপেক্ষা দুই মহারণের
প্রথম সেমিফাইনালে মঙ্গলবার, ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টার ম্যাচটি শুরু হবে ১৯:০০ জিএমটি অনুযায়ী।
দ্বিতীয় সেমিফাইনালে বুধবার, ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়, অর্থাৎ ১৯:০০ জিএমটি।
ডালাসে প্রথম সেমিফাইনালেই নামছে একঝাঁক বিশ্বতারকা। দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপে পুরো টুর্নামেন্টজুড়েই প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়েছেন। লা রোহার বিপক্ষেও নিজের গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তিনি। একই সঙ্গে টেক্সাসে নিজেদের ছাপ রাখতে মুখিয়ে থাকবেন মাইকেল অলিসে ও উসমান দেম্বেলেও।
অন্যদিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বড় ভরসা কিশোর বিস্ময় লামিন ইয়ামাল। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামবেন তিনি। আক্রমণে স্পেনের অন্যতম প্রধান অস্ত্রও হবেন এই তরুণ।
আরও একজনের দিকে থাকবে বাড়তি নজর। মিকেল মেরিনো স্পেনের শেষ দুই ম্যাচেই বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেছেন। এবারও কি তিনি সুপার সাব হিসেবেই ম্যাচের ভাগ্য বদলাবেন, নাকি অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জায়গা করে নেবেন শুরুর একাদশে?
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরুতে এগিয়েছে অধিনায়ক হ্যারি কেইনের গোলের ওপর ভর করে। তবে নকআউট পর্বে আলো কেড়ে নিয়েছেন জুড বেলিংহাম। ইংল্যান্ডের ১০ নম্বর জার্সিধারী ইতোমধ্যেই গোল্ডেন বুটের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। তার গোলসংখ্যা এখন ছয়, যার মধ্যে দুটি এসেছে কোয়ার্টার ফাইনালে।
অন্যদিকে শিরোপাধারী আর্জেন্টিনার শিরোপা রক্ষার লড়াইয়ে সবচেয়ে বড় অনুপ্রেরণা অধিনায়ক লিওনেল মেসি। ছয় ম্যাচে আট গোল করে তিনি এখনও দলের প্রধান ভরসা। কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও সেমিফাইনালে নিজের ছাপ রেখে দলকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে মুখিয়ে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি।
এদিকে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার এখনও ফ্রান্সকেই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছে। অপটার হিসাব বলছে, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭ দশমিক ৭০ শতাংশ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ০৫ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ সম্ভাবনা স্পেনের। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তাদের সম্ভাবনা ২৩ দশমিক ৪৫ শতাংশ। অপটার পূর্বাভাস অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এখন প্রশ্ন একটাই। চার পরাশক্তির এই লড়াই শেষে কারা পৌঁছাবে নিউ জার্সির মহারণে? আর কে এগিয়ে যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফির আরও এক ধাপ কাছে?
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: