দেওয়ানগঞ্জে ড্রাম সেতু ভেঙে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ০১:০৩ এএম
আপডেট: ২২ মার্চ ২০২৬ ১:০৩ এএম

দেওয়ানগঞ্জে ড্রাম সেতু ভেঙে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভাসমান ড্রাম সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২), ছেলে আব্দুল মোতালেব (৬), একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়ার আবির (১৬) ও বালুগ্রামের রিহাদ (৮)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে জাতায়াতের সুবিধার্থে ড্রাম দিয়ে ভাসমান সেতু তৈরি করে পৌর কর্তৃপক্ষ। প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ওই ড্রাম সেতু ও এর আশপাশে হাজারো মানুষের সমাগম ঘটে। 

শনিবার ঈদের দিন বিকেলে ঘুরতে আসা দর্শনার্থীদের ভারে সেতুটি উল্টে মাঝখান ভেঙে পানিতে পড়ে যায়। এ সময় বেশিভাগ দর্শনার্থী সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব জানান, ‘ভাসমান সেতু ভেঙে নদে ডুবে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত একজনকে চিকিৎসা দেয়া হয়।’

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মবিন খান জানান, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছি, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ জানান, ‘এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।’

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর