আ. লীগ-বিএনপির সংঘর্ষে ‎পাবনায় রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১৭:১১ পিএম

দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলে

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিকেল ৪টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে।

এদিকে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়া হয়। এর পর বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিক মো. শাহজালাল জানান, সভা শেষে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীর ক্যামেরা ভাঙচুর করা হয়।

অন্যদিকে, সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।”

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর