রোহিঙ্গা গণহত্যা

মিয়ানমারকে দোষী সাব্যস্ত করলেন আন্তর্জাতিক বিচার আদালত

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার এই রায় দিয়েছে।

আদালত জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চালানো হাজার হাজার হত্যাকাণ্ড এবং ব্যাপক যৌন সহিংসতা ছিল রাষ্ট্র-সমর্থিত গণহত্যা।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ গাম্বিয়ার দায়ের করা এই মামলার রায়ের মধ্য দিয়ে নাৎসি হলোকাস্টের পরবর্তী ইতিহাসে মাত্র চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত এমন সিদ্ধান্তে পৌঁছাল যে, গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড পূরণ হয়েছে। এটিই প্রথম ঘটনা, যেখানে কোনো আদালত একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করল।

বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায় পাঠের সময় বলেন, “আদালত দেখতে পেয়েছে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর আক্রমণ করেছে।”

বিচারক প্যানেল এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ‘রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।’

মিয়ানমার সরকার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

বিচারকরা দেখতে পেয়েছেন যে, মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা করেছে, রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে এবং শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে বা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সামরিক বাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য (হেট স্পিচ) ছড়িয়েছে।

রয়টার্স জানিয়েছে, আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করা যাবে না।

আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ খুব কম ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে; এর প্রধান কারণ হলো, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এটি প্রমাণ করতে হয় যে, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য অভিযুক্তদের ছিল।

আন্তর্জাতিক বিচার আদালতের (যা বিশ্ব আদালত নামেও পরিচিত) এই সিদ্ধান্তের প্রভাব মিয়ানমারের সীমানা ছাড়িয়ে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে—যার মধ্যে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা ২০২৩ সালের মামলাটিও অন্তর্ভুক্ত।

১৯৪৮ সালের ‘জেনোসাইড কনভেনশন’ বা গণহত্যা বিষয়ক সনদের প্রয়োগ নিয়ে এক দশকেরও বেশি সময়ের মধ্যে আদালতের দেওয়া এই প্রথম বড় রায়টি নিয়ে আইন বিশেষজ্ঞরা চুলচেরা বিশ্লেষণ করবেন। তারা বোঝার চেষ্টা করবেন যে, আন্তর্জাতিক অপরাধ সংঘটনের অভিযোগে রাষ্ট্রগুলোর দায়বদ্ধতাকে আদালত কীভাবে মূল্যায়ন করেছে।

ইসরায়েল ও মিয়ানমার—উভয় দেশই গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে তাদের সামরিক বাহিনী আইনসম্মত পদক্ষেপই গ্রহণ করেছিল।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর