সরকারি তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে মারা উচিত’: ট্রাম্প

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ১১:১০ এএম

আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে অ্যারিজোনার বুলহেড সিটিতে নির্বাচনি জনসভায় ট্রাম্প

সরকারি গোপন তথ্য সংবাদমাধ্যম বা অন্য কোথাও ফাঁসকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শাস্তি হিসেবে তাদের গুলি করে হত্যা করা উচিত। বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনার বুলহেড সিটিতে আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এই মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমার মতে, তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত। পুরোনো দিনে আমরা তথ্য ফাঁসকারীদের গুলি করতাম- বিশেষ করে যখন তারা কোনো দেশের ওপর আক্রমণের নির্দিষ্ট সময় ফাঁস করে দিত।”

ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময়, গত বছরের জুনে ইরানের ওপর আকস্মিক হামলা ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনার ঘটনার প্রেক্ষাপটেই মূলত ট্রাম্প এই মন্তব্য করেন। ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছিল বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে জানানো হয়েছিল, মার্কিন বোমাবর্ষণের আগেই ইরান তাদের কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছিল এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ ট্রাম্পের দাবির চেয়ে কম ছিল। এই ঘটনার জেরে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ ও ‘সিএনএন’-এর নাম উল্লেখ করে ট্রাম্প অভিযোগ করেন, সংবাদমাধ্যমগুলো সামরিক সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলেছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “তারা আমরা কখন রওনা দিচ্ছি আর কখন পৌঁছাচ্ছি- সেই সময় ফাঁস করে দিয়েছিল। কেউ একজন তথ্য ফাঁস করেছে। কোনো এক বর্জনীয় ব্যক্তি, তাদের জেল বা গুলি করা উচিত।”

সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর আগেও তিনি গোপন তথ্য সরবরাহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের এর জন্য দায়ী করেছেন। হোয়াইট হাউজের তথ্য ফাঁসের উৎস খুঁজে বের করতে তার প্রশাসনের অধীনে কর্মকর্তারা পলিগ্রাফ বা লাইভ ডিটেক্টর পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যমের সাংবাদিকদেরও সমন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদের সময়কাল থেকেই তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন ট্রাম্প।

বুধবার অ্যারিজোনার ভোটারদের দেওয়া ভাষণে সেই পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “তথ্য ফাঁসকারীদের খুব, খুব কঠোরভাবে দমন করা উচিত। আমার কাছে তারা পৃথিবীর আবর্জনা।”

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর