ইউপি নির্বাচন

৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি, তালিকায় যারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

ফাইল ফটো

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে দেশের ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সংলাপে আমন্ত্রিত দলগুলোর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নাম রয়েছে। এ ছাড়া তালিকায় রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফ্রন্ট, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)।

আমন্ত্রিত অন্য দলগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণতন্ত্রী পার্টি, ইসলামী ঐক্যজোট, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, বিকল্পধারা বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, খেলাফত মজলিস এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)।

এ ছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জনতার দল, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ কংগ্রেস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও গণফোরামকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে এসব আলোচনায়। পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাদা বৈঠক করার পরিকল্পনাও রয়েছে।

ইসি সচিব আরও জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিশনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ হয়েছিল, মূলত সেসব দলের প্রতিনিধিদের নিয়েই এবার তিন দিনের আলোচনা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী সময়ে যেসব রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসবে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়। এ ক্ষেত্রে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আচরণবিধি মেনে চলার পাশাপাশি সরকার, রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁর মতে, এই চার পক্ষের সম্মিলিত সহযোগিতার ওপরই সুষ্ঠু নির্বাচনের সফলতা নির্ভর করছে।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে দেশের ৫০৮টি উপজেলার মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তালিকা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কোন তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপের নির্বাচন হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে ৪ ফেব্রুয়ারি।

তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে। আর পঞ্চম ও শেষ ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে ২৭ মে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ নির্বাচন সামনে রেখে নির্বাচনী সময়সূচি ও প্রস্তুতিমূলক কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর