প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে হাসিনাকে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

এক হাজার চারশ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে কিংবা ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের আইন সবাইকে শ্রদ্ধা করতে হবে। একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত।’

ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী বলেন, ময়মনসিংহের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে অন্তর্ভুক্ত করে একটি বড় সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে তিন হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। ইতোমধ্যে পরিকল্পনা টিমের পর্যায়ে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।’

‘ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার,’ যোগ করেন তিনি। 

সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক অসচ্ছলতা, অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

তিনি এ সময় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।’

‘সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তাদের আগুন সন্ত্রাসের রাজনীতি আবারও ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তথ্য প্রতিমন্ত্রী। 

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রমুখ। 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর