জামায়াত আমিরের সিলেট জনসভা জনসমুদ্রে পরিণত হবে: ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২ পিএম

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট-১ (মহানগর ও সদর) জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আগামী শনিবার সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, জনসভা সফলে ইতোমধ্যে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। আমরা জনসভাকে সফল করতে সাংবাদিক বন্ধুগণসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করছি। আমাদের জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে শেষ হবে।

তিনি আরও বলেন, জাতি নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। পতিত ফ্যাসিস্ট সরকার বিনাভোটে, মধ্যরাতে ও আমি-ডামি নির্বাচনের মাধ্যম মানুষের ভোটাধিকার হরণ করেছে। এবার মানুষ সব ধরণের শঙ্কা মুক্ত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অবৈধ অস্ত্র, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের ব্যর্থতা ও সন্ত্রাসীদের গ্রেফতারে কার্যকর অভিযান না থাকায় জনমনে নানা আশঙ্কা বিরাজ করছে।

ফখরুল ইসলাম বলেন, সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে কার্যকর ভুমিকা পালন করতে হবে। প্রতিপক্ষের প্রার্থীর নিজ দলের নেতাকর্মীদের মধ্যেকার সংঘর্ষ জনমনে ভীতির সঞ্চার করছে। প্রশাসনকে এই ভীতি দূর করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমরা আস্থা রাখতে চাই। প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যাপারে সাংবাদিকসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন - মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম, সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসনে নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ ও মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীসহ ১১ দলীয় জোটের শীর্ষ-স্থানীয় মহানগর নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর