আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ভূরাজনৈতিক পরিবর্তন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানায়। এতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ, পারস্পরিক আস্থা ও ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন আসিম মুনির। একই সঙ্গে অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। খবর খালিজ টাইমসের।
বৈঠকে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক উদ্যোগের প্রশংসার পাশাপাশি দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ১০ সদস্যের আঞ্চলিক জোট ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩০তম বৈঠকে যোগ দিতে দেশটিতে গেছেন আরাগচি। সোমবার সেখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও বৈঠক করেন তিনি।
বৈঠক শেষে ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে তেহরানের পক্ষ থেকে দুই দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দেয়ার একটি প্রস্তাব দেয়া হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তান চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে গত কয়েক মাস ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়।
যুদ্ধ শুরুর পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনাও অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ১৭ জুন জেনেভায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য ছিল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পথ তৈরি করা। তবে সমঝোতার শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলে দুই দেশ আবারও সংঘাতে জড়িয়ে পড়ে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: