এশিয়ায় মার্কিন মিত্রদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

কোয়াড নেতাদের সঙ্গে ট্রাম্প

ফিলিপাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার আঞ্চলিক মিত্র দেশ—ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এই এশীয় সফরের শুরুতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো; এই সফরেরই অংশ হিসেবে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার একটি বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে ফিলিপাইনের রাজধানীতে পৌঁছান ট্রাম্প। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গণতান্ত্রিক দেশগুলোর জোট ‘কোয়াড’-এর নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তিনি তার তিন দিনব্যাপী আঞ্চলিক সফর শুরু করেন। এটি ছিল গত দুই বছরের মধ্যে এই জোটের প্রথম বৈঠক।

বৈঠকের আগে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “আমাদের দেশগুলো একটি মুক্ত, উন্মুক্ত, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চারটি স্তম্ভ। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও কূটনীতির মতো বিষয়গুলোতে আমরা ঘনিষ্ঠভাবে সমন্বয় বজায় রেখে চলি।”

ট্রাম্পের এই তিন দিনের এশিয়া সফরের মধ্যে শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’ (এপেক) ফোরামে অংশগ্রহণও অন্তর্ভুক্ত রয়েছে। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ট্রাম্পের রিপাবলিকান পার্টি মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হয়েছে। এছাড়া, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ব্যবহৃত চিপের ওপর যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ—যা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর বাণিজ্যযুদ্ধবিরতিকে জটিল করে তুলতে পারে—এমন নানা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।
ম্যানিলায় টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। বিক্ষোভের অংশ হিসেবে তারা ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ সরবরাহ শৃঙ্খল উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, আঞ্চলিক মিত্র দেশগুলোর নেতাদের আলোচনায় নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তির ভবিষ্যৎ যেন এমন সব দেশের নিয়ন্ত্রণে থাকে, যারা আমাদের মূল্যবোধ ও অভিন্ন স্বার্থে বিশ্বাসী। আমরা এটিও নিশ্চিত করতে চাই যে, এই প্রযুক্তি যেন সর্বোত্তমভাবে বিকশিত হয়।” 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর